বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্দেশনায় বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভুঁইঘর বাজারে পশু বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।
অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানে পশু জবাইয়ের ক্ষেত্রে লাইসেন্স নেই, পশু জবাইয়ের আগে ও পরে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি এবং জবাই স্থানের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এসব অনিয়মের প্রেক্ষিতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ধারা ২৪ অনুযায়ী মোট ৪টি পৃথক মামলায় বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে, যথাযথ নিয়ম অনুসরণ করে পশু জবাই করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ছয় মন ওজনের একটি গরু পরিবহনের সময় আহত হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে পশুটিকে চিকিৎসা প্রদান করা হয় এবং ভেটেরিনারি সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে পশুটিকে কোরবানি করে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করা হয়। এসময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সর্বদা জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। আপনারা সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন।
