আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
ভারতের আলোচিত ছাত্রনেতা জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানহাইয়া কুমারের ওপর জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ এক ব্যক্তি।
বৃহস্পতিবার হায়দরাবাদে সংবাদ সম্মেলনে কথা বলার সময় কানহাইয়া আক্রমণের শিকার হন। এ সময় পুলিশ ওই বিক্ষুব্ধ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
জুতা নিক্ষেপের মুহূর্তে বিক্ষুব্ধ লোকটি চিৎকার করে বলছিলেন, ‘কানহাইয়ার মতো দেশবিরোধীর কথাকে কথা বলতে দেওয়া উচিত নয়।’ অপ্রীতিকর অবস্থার পর কানহাইয়া তার বক্তব্য চালিয়ে যান।
ভারতের আলোচিত-সমালোচিত এই ছাত্র নেতা উদ্ভূত পরিস্থিতির বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনার যা ইচ্ছা তাই করুন। আমি ভয় পাওয়ার লোক নই। আমি গান্ধীর পথের অনুসারী।’
কানহাইয়া তার বক্তব্যে অভিযোগ করেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আক্রমণের শিকার। অভিযোগ আছে, আমরা রাজনীতি করছি। রাজনীতি আমরা করছি, না সরকার করছে? বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ধ্বংস করার পরিকল্পিত নকশা করেছে সরকার।’
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার হায়দরাবাদ ও বিজয়ওয়াড়ায় দুই দিনের সফরে গেছেন কানহাইয়া। বুধবার হায়দরাবাদে পৌঁছে তিনি অভিযোগ করেন, জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোহিতের আত্মহত্যা এবং এর পরের অবস্থা ঢাকার জন্য সরকার ‘দেশবিরোধী স্লোগান’-কে ব্যবহার করছে।