বিজয় বার্তা২৪ ডটকমঃ
চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। একমাত্র ভারত ছাড়া বাকি তিন দলের কেউই এখনো চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কীর্তি গড়তে পারেনি। এক নজরে দেখে নেব চার দলের শিরোপা জয়ের সম্ভাবনা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ইংলিশরা। একমাত্র দল হিসাবে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পৌঁছেছে সেমিতে। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক এয়ুইন মরগ্যান। যোগ্য সমর্থন দিচ্ছেন জো রুট ও অ্যালেক্স হেইলস।
প্রয়োজনে জ্বলে উঠছেন ১৫০ রান আর ৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরা অলরাউন্ডার বেন স্টোকস। বল হাতে ওকস, ব্রডদের অভাবটা বুঝতে দিচ্ছেন না উড, প্লাঙ্কেট, আদিল রাশিদরা। একমাত্র দুশ্চিন্তা ওপেনার জেসন রয়ের অফফর্ম।
গ্রুপ অফ ডেথ থেকে সেমিতে ইংল্যান্ডের সঙ্গী বাংলাদেশ। দলের মূল শক্তি পঞ্চ পাণ্ডব তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ও মাশরাফি। তামিমের দুরন্ত ফর্মের সাথে শেষ ম্যাচের আত্মবিশ্বাস সঙ্গী সাকিব, রিয়াদের। তবে দুশ্চিন্তার কারণ টপ অর্ডারে সৌম্য-সাব্বিরের অফফর্ম।
তামিম ব্যর্থ হলেই তৈরি হচ্ছে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা। বোলিং এ এখনো সেরা রুপে দেখা দিতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে ভারত। ব্যাটিং শক্তির সাথে এবার যোগ হয়েছে বৈচিত্রময় বোলিং অ্যাটাক। ব্যাট হাতে ফর্মে আছেন শিখর ধাওয়ান ও অধিনায়ক কোহলি। বল হাতে সফল ভুবনেশ্বর কুমার, বুমরাহরা।
শেষ চারে পৌঁছে আরেকবার সবাইকে চমকে দিয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। দলের মূল শক্তি বোলিং। আমির, জুনায়েদের সাথে আগুন ঝরাচ্ছেন হাসান আলী, ইমাদ ওয়াসিমরাও। তবে ব্যাটিং নিয়ে ভালোই ভুগছে মেন ইন গ্রিন। টপ অর্ডারে অভিষিক্ত ফখর জামান কিছুটা স্বস্তি দিলেও মিডল অর্ডার ব্যর্থ পুরো আসর জুড়েই।
