বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার ইচ্ছা লিংক রোডে মেডিকেল কলেজ নির্মান করবো। সবাইকে সাথে নিয়ে একটি শ্বেত পাথরের তৈরি মসজিদ করার ইচ্ছা আছে। যে মসজিদের সামনে দিয়ে মানুষ চলাচলল করলে নিজের মন থেকেই যেন নামায পড়ার ইচ্ছা জেগে উঠে। আশা করি এ বছরের মধ্যেই সম্পূর্ন কাজ সমাপ্ত করবো।
বুধবার বিকাল ৩ টায় ফতুল্লায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল,ফতুল্লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, কুতুবপুর ইউপি চেয়াম্যান মনিরুল আলম সেন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা এসিল্যান্ড নাহিদা বারিক, সদর থানার ওসি মো. আসাদুজ্জামান, ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ প্রমূখ।
শামীম ওসমান আরো বলেন, আমরা গায়ের জোরে নয় পবিত্রভাবে সকলে সম্মিলিত হয়ে কাধে কাধ মিলিয়ে উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের কাজ একই রকমভাবে অব্যাহত থাকবে। ২ বছর ৪ মাসের মধ্যেই ডিনডি প্রজেক্টের জন্য ৫৫৮ কোটি টাকা বরাদ্দ এনেছি। তবে এর সাথে আরও দেড়শ থেকে দুইশ কোটি টাকা যোগ হবে এর সাথে সম্পর্কিত অন্য কাজের জন্য। আগামি ১ মাসের মধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। আর ফতুল্লার বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের জন্য আরও ১০০ কোটি টাকার কাজ আমি আনতে পারবো বলে আশা করছি।
