বিজয় বার্তা ২৪ ডট কম : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকা থেকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত বুধবার রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম রফিক।
সাইফুল ইসলাম দিলদার পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে। এর আগে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গত মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর পুটিনা থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদারকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল হক মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দাউদপুর ইউনিয়নের সাধারন মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেখিয়ে আই আর ডি নামক একটি এনজিও খুলে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে।
এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়ার পর হঠাৎ এনজিও বন্ধ করে এলাকা থেকে পালিয়ে যান সাইফুল ইসলাম। গ্রাহকরা প্রায় এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য ড. সাইফুল ইসলাম দিলদারের কাছে চাইতে গেলে গ্রাহকদের পুলিশ দিয়ে হয়রানী করতেন বলে গ্রাহকরা জানান।
গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি দাউদপুর পুটিনায় সাইফুল ইসলাম দিলদার আসলে সকল গ্রাহক একত্রিত হয়ে সাইফুলের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
