নারায়ণগঞ্জে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এর আগে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ফতুল্লার পশ্চিম নন্দলালপুর এলাকার অলি হাজীর ইট ভাটার সামনের একটি বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সেই বাড়ির সবাই বের হতে পারলেও প্রতিবন্ধী মোঃ সুরুজ আলী (২০) বের হতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত ফিরোজ আলির ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুপি বাতির আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে পাগলা ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ লক্ষ টাকা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে হাজির হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করেছি।
