বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার রাতে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বন্দরের কয়েকটি এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুটিসহ অসংখ্য গাছ-পালা। ঝড়ে উড়ে গেছে অর্ধশত কাঁচা ঘর-বাড়ি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
খবর নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তর লক্ষণখোলা এলাকার বিল্লাল মিয়ার একটি টিনের ঘর, কলাগাছিয়ার আলআমিনের ফার্নিচার দোকানঘর, দাসেরগাঁওয়ের রবিন মিয়ার একটি একচালা ঘর, ফনকুলের আক্কাস মিয়ার ঘরসহ অর্ধশত কাঁচা ঘর পড়ে গেছে। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তীর্থস্থান লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের জন্য নির্মিত আশ্রয় শিবিরগুলোও। এতে দুর্ভোগ বেড়েছে তীর্থস্থানে আসা পুণ্যার্থীদের। ব্যাপক ক্ষতিসাধিত হয় লোকজ মেলার শতাধিক স্টল। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
