বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কাঁচপুরে র্যাব-১১ এর অভিযানে সন্ত্রাসী টাইগার মোমেন সহযোগীসহ আটক করা হয়েছে॥
আজ দুপুর ২ টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ওলামানগর এলাকা থেকে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজন খানেক মামলার আসামী ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন @ টাইগার মোমেন (৩১) ও তার ০১ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সহযোগীর নাম মোঃ বুলবুল ভূঁইয়া (৩৭)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ম্যাগাজিন ভর্তি ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড তাজা গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০,০০০/- টাকা ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জসিম উদ্দিন চোধুরী স্বাক্ষরিত এক প্রে বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে জ¦ালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন @ টাইগার মোমেন (৩১) নিজেকে কখনও র্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী ধূর্ত অপরাধী মোমেনকে নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি পত্র-পত্রিকায় অনুসন্ধানীমূলক রিপোর্ট হয়। উক্ত অনুসন্ধানী রিপোর্টের পরিপ্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল কাঁচপুর এলাকার মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গ্রুপ ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন @ টাইগার মোমেনসহ তার অন্যান্য সহযোগীদের উপর কঠোর গোয়েন্দা নজরদারী শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩০ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দে দুপুর ০২.০০ ঘটিকায় অভিযান চালিয়ে মাদক ও বিদেশী পিস্তলসহ উল্লিখিত আসামীদের হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

