নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বুধবার বিকেলে আসন্ন রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ৪ টি সরকারি সংস্থার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ ১৬৯ বি বি রোড চাষারা পাকভাই বিল্ডিং এর নিচে অবস্থিত ফ্যাক্স ভিডিও এন্ড রেকডিং সেন্টার নামের দোকানটির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দোকান মালিক ।
দোকান মালিক মো. বাবুল জানান, উচ্ছেদের সময় পুলিশকে দোকান বৈধতার প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও তারা আমার দোকানটি উচ্ছেদ করে ভেঙ্গে দিয়ে যায়।
আমি এই দোকানের জন্য বছর বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে টেক্স দিচ্ছি তারপর কেন আমার দোকানটি উচ্ছেদের নামে ভাঙ্গা হলো। তিনি আরো বলেন, অবৈধ ফুটপাত দখল করে যারা দোকানদারী করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা ফুটপাত দখল না করে নিজস্ব জায়গায় দোকান বসাইছি ।
দোকানের আশেপাশের অংশ ভেঙে দেওয়ায় অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই দোকান মালিক মো. বাবুল।
উল্লেখ্য, আসন্ন রমজান মাস উপলক্ষে জনগনের চলাচলের সুবিধার্থে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জ চাষাঢ়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিপিডিসি ও সিটি কর্পোরেশন এই ৪ টি সংস্থার যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।
উচ্ছেদ অভিযানের সময় নেতৃত্বে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া , সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. বদরুল আলম , অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ডিপিডিসি সাব স্টেশন ইঞ্জিনিয়ার অলিউর রহমান, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল সহ উচ্ছেদ কারী দলের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, ডনচেম্বার, খানপুর, কালীরবাজার, ১ ও ২ নং রেলগেইট, দিগুবাজার, বাস ও লঞ্চ টার্মিনাল সহ কয়েকটি জায়গায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।