বিজয় বার্তা ২৪ ডট কম
ক্ষমতায় যাওয়ার জন্য যারা দেশে শরীয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলছে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে পরিবর্তনের জন্য মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং ক্ষমতায় গেলে দেশে শরীয়াহ আইন প্রতিষ্ঠা করার কথা বলছে। তারা মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় যাওয়ার যে রঙিন স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন হবে না।
রেজাউল করীম বলেন, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে জোটবদ্ধ না হয়ে নিজেদের শক্তিতে একাই নির্বাচন করছে। দেশের পরিবর্তনের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান রেজাউল করীম।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী গোলাম মসীহ, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ সহ জেলা ও মহানগর কমিটির নেতা কর্মীরা। পরে সন্ধ্যায় সৈয়দ রেজাউল করীম ফতুল্লার পঞ্চবটি এলাকায় আরও একটি নির্বাচনী জনসভায় যোগ দেন।
