বিজয় বার্তা২৪ ডটকমঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি বাংলাদেশ সফর স্থগিত করায়, এবার কড়া জবাব দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগস্টে পাকিস্তানে হাই পারফরম্যান্স দল পাঠনোর কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। গুলশানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও, টাইগাররা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৬ নম্বরে উঠায় ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে বলেও আশা প্রকাশ করেন বোর্ড প্রধান।
শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বিসিবি পাকিস্তানে হাই পারফরম্যান্স দল পাঠানোর কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু, দেশে ফিরতে একদিনের মাথায় বিসিবি প্রধান গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন। পিসিবি জুলাই আগস্টে বাংলাদেশ সফর সফর স্থগিত করেছে। তখন এ ব্যাপারে আনুষ্ঠানিক জবাব না দিলেও, এবার প্রতি উত্তর দিলেন বিসিবি প্রধান।
‘জাতীয় দল তো প্রশ্নই ওঠে না। আমাদের এইচপি বা অনূর্ধ্ব-১৯, এগুলো যেতে পারে। যখন নাকি এই ঘোষণাটা আসলো তারপর থেকে এটা নিয়ে আর কোন কথাই বলছি না আমরা। কাজেই এরপরে আর এইচপি পাঠানো নিয়ে কথা বলার কোন প্রশ্নই উঠে না।’ বলছিলেন পাপন।
এদিকে, আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে আসায় বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ খেলা নিশ্চিত বলে জানালেন বিসিবি সভাপতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে র্যাংকিংয়ে আরো এগিয়ে যাওয়ার অগ্নি দৃষ্টির তার।
কদিন বাদেই শুরু হচ্ছে আইসিসি’র মেগা আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে দীর্ঘ ১১ বছর পর সুযোগ পেল টাইগাররা। এবারের আসরে কঠিন গ্রুপে বাংলাদেশ। কিন্তু তারপরেও স্বপ্ন বাজ পাপন।
‘আমি মনে করছি যে, এতদিন পরে আমরা ইংল্যান্ডের মাটিতে খেলছি এবং সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে খেলছি। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে অপ্রতিরোধ্য টিম বলে অনেকে, অস্ট্রেলিয়া বিশ্বের সেরা টিম এখন। তাদের জন্য ওই ধরনের কন্ডিশন উপযোগী। এমনকি নিউজিল্যান্ডের জন্যও কন্ডিশনটা আমার চেয়ে বেশি ভালো। তারপরেও আমরা জেতার জন্যই খেলবো। সেজন্য আগের কোন হিসেবই আমরা মাথায় রাখতে চাই না। আমাদের যে পারফরম্যান্স, যে কম্বিনেশন আছে তাতে জেতা সম্ভব।’ পাপনের আশাবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফি আর ১৯ জুন আইসিসির সভায় যোগ দিতে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিসিবি সভাপতি।
