বিজয় বার্তা ২৪ ডট কম
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী নববর্ষের প্রথম দিন বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এরপর মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভুলতা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই। এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ।”
তিনি বলেন, “একটা সময় ছিল যখন সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরাই নতুন বই এর ঘ্রাণ নিতে পারত, দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য নতুন বই ছিল সোনার হরিণ। অর্থাভাবে বই কিনতে না পেরে বহু শিক্ষার্থীর পড়াশোনা প্রাথমিক স্তরেই থেমে যেত। কিন্তু ২০১০ সাল থেকে ধনী গরীব নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করে সরকার। এখন আর বই এর অভাবে কারো পড়াশুনা মাঝপথে থমকে দাঁড়ায় না।”
মন্ত্রী বলেন, ‘নতুন বই হাতে পেলে শিক্ষার্থীদর মধ্যে বিরাট উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নতুন বই ছেলেমেয়েদের স্কুলমুখী হতে উদ্বুদ্ধ করছে। এখন সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, শিক্ষার্থীদের ঝড়ে পড়া হ্রাস পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা অাখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন অাহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল অাহমেদ অালমাছ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অাব্দুল অাউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অাব্দুর রহিম, মুড়াপাড়া সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ অালম, সহ অনেকে।

