বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান এ রায় দেন। দণ্ডিত শ্যামল মোল্লার ওই উপজেলার বারোয়ানির আব্দুর রউফ মোল্লার ছেলে।
কোর্টের অ্যাডিশনাল পিপি আব্দুর রহিম জানান, ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আড়াইহাজারের বারোয়ানি এলাকায় ক্রিকেট টুর্নামেন্টে আউট নিয়ে আনোয়ারের মাথায় আঘাত করে শ্যামল। এতে আনোয়ারের মৃত্যু হয়।
