বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেপার মিলের মেশিনে পা পেঁচিয়ে রিয়াজ (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার দুপ্তারা এলাকায় অবস্থিত উদয়ণ বোর্ড এন্ড পেপার মিলে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় উক্ত মিলের ৪ কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে একটি মামলা হয়েছে।
নিহতের পিতা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার শিমুয়া গ্রামের বাসিন্দা মোঃ লাল মিয়া মামলার এজাহারে অভিযোগ করেন যে, তার ছেলে রিয়াজ (১৪) ১৫-১৬ দিন আগে ওই মিলে শ্রমিক হিসেবে কাজে যোগদান করে। শুক্রবার রাতে মেশিনে কাজ করার সময় চলন্ত মেশিনের সাথে তার পা পেঁচিয়ে গিয়ে সে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে ভুলতা আল- রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তিনি ওই মিলের এমডি আমানউল্লাহ সরকার, পরিচালক- মাসুদুর রহমান বিশ্বাস, মিজানুর রহমান এবং মোঃ শুভ কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
