বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রিকশা চালক ওসমান হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দন্ড প্রাপ্ত ২ জনকে ৫০ হাজার করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শোনানীর সময় আসামীরা পলাতক ছিলেন। এদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ ।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আড়াইহাজার উপজেলার চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন ও একই উপজেলার সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই মামলার রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ জানান, আড়াইহাজার থানার দায়ের করা ওসমান হত্যা মামলায় আবুল ও ওকিল নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় শোনানীর সময়ে আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশা চালক ওসমানের জবাই করা লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করেন। সেই সাথে আদালত এই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেছেন।

