বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মহাসড়কে মালবাহী ট্রাক চাপায় পথচারী যুবক নিহত হয়েছেন। এসময় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১৮ মে) উপজেলার নরসিংদী -মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। জনতার বিক্ষোভে প্রায় দেড় ঘন্টা যানচলচল বন্ধ হয়ে যায়।
নিহত মো. ফারুক (৩০) উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। সে পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফারুক তার বাড়ী থেকে রাস্তার পাশ এসে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ী ও গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

