বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি বাসের চাপায় এক কলেজ ছাত্রসহ ২ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শিশু সহ আরো ৪জন। আহতদের উদ্ধার করে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে,বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার সময় ভুলতার দিক থেকে আসা যাত্রীবাহি বাঁধন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৬৫) মাধবদীর দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। ঐ সময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঐ সময় যাত্রীদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন শিশু,নারী সহ চার জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতরা সিএনজির ভিতরে আটকে থাকায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পারেনি। পরে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে সিএনজি কেটে নিহত ২জনকে উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মজিবুর রহমান জানান, নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হল রূপগঞ্জ উপজেলার বাইল্যা এলাকার মিয়া বাড়ির নাইম মিয়ার বড় ছেলে নাফিজ(১৯)। সে আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
তার পরিবার সূত্রে জানা গেছে, সে সকালে বাড়ি থেকে কলেজের উদ্যেশে আড়াইহাজার কলেজে যাচ্ছিল।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের এখনোও কোন পরিচয় পাওয়া যায়নি বলে কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মজিবুর রহমান জানান।

