বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানান। আটককৃতরা হলো, আড়াইহাজার উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া ও জোকারদিয়া গ্রামের বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারে থেকে রোববার দুপুরে ফারুক মিয়া ও ইয়াসিন ভূইয়া নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সিম কার্ড যার মধ্যে ছয়টি বিকাশ করা, দুটি কম্পিউটারের হার্ডডিস্ক ও একটি গ্রামীণ মডেম রয়েছে। তাদের কাছে দুটি ফেসবুক আইডিসহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ২০ পাতা স্ক্রিনশট পেপার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

