বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মো. সোলায়মান হোসেন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
সোমবার রাতে সোলায়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তবে এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন সোলায়মানের স্ত্রী রীমা আক্তার, তার ছেলে মুশফিকুর রহমান মাহিদ ও মাহমুদুল হাসান আরশ।
সোমবার ভোর ৬টার দিকে আড়াইহাজার উপজেলার কুমারপাড়ার বাসায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ হন একই পরিবারের চারজন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আগুনে রীমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের ৫ শতাংশ পুড়ে গেছে। সোলায়মানের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। বাকিদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।

