বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোলনাহার (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।
গৃহবধু খুন হওয়ার বিষয়টি অভিযোগ করেছেন নিহতের পরিবার।
শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গোলনাহার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।
শনিবার (৪) দুপুরে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন গৃহবধুর স্বামী মো. রিপন এর বাড়িতে মুরগী রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপন এর সাথে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হয়। এই সময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু ২ সন্তানের জননী।
নিহতের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের সাথে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

