বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সাত খুন মামলার সব আসামিকে রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার নারায়ণগঞ্জ জেলার দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এ আবেদন জানিয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ জন আসামির আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামীকাল মঙ্গলবার বাকি ২০ আসামির পক্ষে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।
যুক্তিতর্ক স্থাপন শেষে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। ঘটনার পরিকল্পনা, বাস্তবায়নসহ এ ঘটনার প্রতিটি ধাপে আসামিদের সম্পৃক্ততা তিনি প্রমাণ করতে পেরেছেন। তাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, রশিতে ঝুলিয়ে তাদের ফাঁসি দাবি করেছেন।
তিনি জানান, চার্জ গঠন থেকে শুরু করে আজ ছিল মামলার ৩৪তম কার্যদিবস। এ মামলার ২১ আসামি এবং ২০ সাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলার পক্ষে ১৬৪ জন সাক্ষী উপস্থাপন করেছে, যার মধ্যে ৬০ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পাল পৃথক দুটি মামলা করেন।
