বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নাসিক ৫নং ওয়ার্ডে এক পথসভায় যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জেগে ওঠার এখনই সময়। যুবকরা তোমরা জেগে ওঠো। তোমরা জেগে ওঠলে এই সমাজ জেগে উঠবে। তোমাদের নিয়ে কবি লিখেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখনই তোমাদের যুদ্ধে নামতে হবে।
এখনই তোমাদের মিছিলে যেতে হবে। স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। তোমাদের মুরুব্বীরা কি তোমাদের ইতিহাস শোনায়নি। কিভাবে ওই রাজাকার, আলবদররা চোখের সামনে আমাদের মা বোনদের ইজ্জত লুটেছে? কিভাবে ছেলের সামনে বাবাকে আর বাবার সামনে ছেলেকে গুলি করে মেরেছে। যদি সঠিক ইতিহাস জেনে থাকো তাহলে তোমাদের উচিত ওইসব দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
এতো বড়ো অপরাধ করে তারা কিভাবে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। আমি কাদের বিরুদ্ধে ভোট চাইবো? তাদের বিরুদ্ধে? কেনো? ওইসব রাজাকারদের বিরুদ্ধে কেনো ভোট চাইতে হবে? যারা ক্ষমতায় যাবার জন্য আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। যারা ক্ষমতায় আসার জন্য স্কুলে আগুন দেয়। এমনকি গবাধী পশুও তারা আগুন দিয়ে পুড়িয়ে মারে। তাদের বিরুদ্ধে কেনো ভোট চাইতে হবে। আমি তাদের বিরুদ্ধে ভোট চাইবো না। আর আমি আপনাদেরও বলছি , আল্লার দোহাই লাগে যদি আপনাদের মনে হয় আমি সহি না তাহলে আপনারাও আমার জন্য ভোট চাইবেন না।
আর যদি মনে হয় আমি আপনাদের জন্য সহি। কাজ করেছি তাহলে উচিত হবে আমার হয়ে আপনারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন। কাকে ভোট দিবেন এটা আপনাদের চয়েজ। যারা উন্নয়নের কাজ করে তাদের ক্ষমতায় আনবেন নাকি যারা ধ্বংসলিলা চালায় তাদের। যার হাত ধরে আজকে দেশ দরিদ্র রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে, যার হাত ধরে দেশের জিডিবির হার বেড়েছে। তাকেই এইদেশে আবার নির্বাচিত করতে হবে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
যেনো আল্লাহ তাকে সুস্থ রাখেন। দীর্ঘজীবি করেন। যেনো এই দেশের জনগনের জন্য তিনি আরো কাজ করতে পারেন। যে মানুষটি তার পুরো পরিবারকে হারিয়ে এই দেশের জনগনের সেবা করে যাচ্ছেন। যার উপরেও কিনা একাধিকবার হামলা করা হয়েছিলো তাকে হত্যা করার জন্য। তারপরেও সেই মানুষটি নিজের জীবনের তোয়াক্কা না করে দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে নিরলস কাজ করে যাচ্ছেন।
সেই মানুষটির জন্য আর কিছু চাই না। শুধু দোয়া করবেন যাতে আল্লাহ তাকে দীর্ঘজীবি করুন। এসময় শামীম ওসমানের সাথে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ সভাপতি মতিউর রহমান, মহানগর আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, জেলা যুবলীগের সদস্য রুহুল আমিন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল হক হাসান, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি সামাদ ব্যাপারি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু সহ স্থানী নেতৃবৃন্দ।
