বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মহানগর আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভায় আমার নাম না রেখে তিনজনের নাম প্রস্তাব করাই স্বাভাবিক। প্রভাবশালী এক নেতার নির্দেশে মহানগর আওয়ামী লীগের একটি অংশ এ কাজ করেছে। মহানগর আওয়ামী লীগ আগে থেকে দুই ভাগে বিভক্ত। আর একটি অংশ এ সিদ্ধান্ত নিয়েছে।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দলের সিদ্ধান্ত নিয়েই নির্বাচন করব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করব না।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের হাওয়া লেগেছে।

