বিজয় বার্তা২৪ ডটকমঃ
উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, রাজধানী পিয়ংইয়ং এর কাছাকাছি একটি স্থান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ শনিবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া আজ ভোরে দক্ষিণ পিয়েওনগ্যান প্রদেশের বুকচং এলাকা থেকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু এটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়েছে।
আমেরিকার একটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র ডেভ বেনহ্যাম বলেছেন, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করার আগেই বিধ্বস্ত হয়েছে।
উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে পারে ভেবে উদ্বিগ্ন আমেরিকা
এ নিয়ে উত্তর কোরিয়া গত দু’ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালাল। গেলো ১৬ এপ্রিল দেশটি আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং তখনও দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বলেছিল, সেটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়েছে।
