বিজয় বার্তা২৪ ডটকমঃ
ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসের আঘাতে প্রাণ হারান সারাদেশে প্রায় দেড় লাখ মানুষ। এরমধ্যে প্রায় ৮ হাজার মানুষই মারা যান নোয়াখালীতে।
আবহাওয়া অফিস জানায়, গভীর বঙ্গোপসাগরে ছিলো প্রলঙ্ককারী এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি। প্রথম দিকে ঝড়ের গতিবেগ কিছুটা কম থাকলেও রাতে তা বেড়ে ঘণ্টায় ২শ’ ১০ কিলোমিটার বেগে আঘাত হানে উপকূলীয় এলাকায়। একই সঙ্গে ২৫ থেকে ৩০ ফুট উঁচু ঢেউ আঘাত হানে উপকূলে।
ভয়ঙ্কর এ দুর্যোগে জেলার হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়াও উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সরকারি হিসেবে ১ লাখ ৪৫ হাজার মানুষ এবং ৭০ হাজার গবাদি পশুর প্রাণহানির কথা বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিলো আরো বেশি। ঘরবাড়ি ও প্রিয়জন হারানো মানুষগুলো আজ ভুলতে পারেনি সেই ভয়াল স্মৃতি।

