বিজয় বার্তা২৪ ডটকমঃ
দ্বিতীয় দিনেই মাঠে নামছে টুর্নামেন্ট ফেভারিটরা। কাজান অ্যারেনায় ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে কনকাকাফ জয়ী মেক্সিকো। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়। দিনের অপর ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে লড়বে আফ্রিকা নেশন্স কাপ জয়ী ক্যমেরুন। মস্কোর অটকৃতা অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।
একেই হয়ত বলে সেরাদের সেরা হবার দৌড়। ছয়টি কনফেডারেশন জয়ী দল, সঙ্গে আছে বিশ্ব চ্যাম্পিয়নও। স্বাগতিক হিসেবে সুযোগ পাওয়া দলটিকেও অবকাশ নেই ছোট করে দেখার। তাই কেমন হতে পারে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবার এই লড়াই? প্রশ্নের জবাব পেতে ফুটবল প্রেমীদের চোখ ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত স্থির থাকারই কথা কনফেডারেশন কাপ ফুটবলের দিকে।
যুগে যুগে ফুটবলের রথী-মহারথীর জন্ম দিয়েছে পর্তুগাল। ইউসেবিও, লুইস ফিগোর দেশটিকে ইউরো চ্যাম্পিয়নশিপ উপহার দিয়ে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারটির সামনে সুযোগ এবার সেই অর্জনকেও ছাপিয়ে যাবার। প্রতিপক্ষ ম্যাক্সিকো। যাদের বিপক্ষে সেলেকাওদের আছে শতভাগ জয়ের রেকর্ড।
এলাম আর জয় করলাম। ম্যাক্সিকোর বিপক্ষে ম্যাচটিকে এমন সহজ মনে করলে হয়ত ভুলই করে বসবে পর্তুগিজরা। কেননা ট্রিওরাও যে কনফেডারেশন কাপে জায়গা করে নিয়েছে কনকাকাফ শিরোপা জিতে। শুধু তাই নয়, এই আসরে হুয়ান কার্লোস শিষ্যদের আছে চ্যাম্পিয়ন হবার রেকর্ড। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে তারাও মুখিয়ে আসরে শুভ সূচনা করতে।
দিনের অপর ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে চিলি। যার কারণটাও বেশ স্পষ্ট। গেল ক বছর ধরে যেন ফুটবলের স্বর্ণ যুগ পার করছে লা রোজারা। ব্যাক টু ব্যাক কোপা শিরোপা জয়ের পর এবার তাদের দৃষ্টি কনফেডারেশন কাপের দিকে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যান্তনিও পিজ্জি পাচ্ছেন না তার নিয়মিত অধিনায়ক ক্লদিও ব্র্যাভোকে। তারপরও আ্যালেক্সিস সানচেজ, আরতুরো ভিদাল কিংবা এদোয়ার্দো ভারগাসেই আস্থা চিলিয়ান বসের।
অভিজ্ঞতায় অবশ্য চিলির চেয়ে ঢের এগিয়ে ক্যামেরুন। এর আগে এই আসরে দু বার খেলার অভিজ্ঞতা থাকলেও, ল্যাটিন আমেরিকার দেশটি সুযোগ পেয়েছে এবারই। শুধু তাই নয় কনফেডারেশন কাপে এক বার রানার্স আপ হওয়ারও রেকর্ড আছে আফ্রিকান লায়নদের। সেই অর্জন ছাপিয়ে নতুন কিছু করতে এবার বেশ মুখিয়ে আফ্রিকান কাপ অব নেশনস জয়ীরা।
