বিজয় বার্তা২৪ ডটকমঃ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া একথা জানিয়েছেন। এদিকে ওই মামলায় পাঁচজন সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি চেয়ারপার্সনের পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূইঁয়া এই আবেদন করেছেন।
পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ আগামীকাল বৃহস্পতিবার জেরার দিন ধার্য রয়েছে।
আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ওই মামলায় প্রসিকিউশনের ৩৬ জনের মধ্যে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই ৩২ সাক্ষীর মধ্যে পাঁচজনকে খালেদা জিয়ার পক্ষে জেরা করা হয়নি। পাঁচজনকে জেরা করা অনুমতি চেয়ে আবেদন করা হলে ৮ জুন বিচারিক আদালত তা নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আজ রিভিশন আবেদনটি করা হয়। অবকাশ শেষে আগামী ২ জুলাই আদালত খোলার পর আবেদনটি হাইকোর্টে উপস্থাপন করা হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ অন্যান্যদের আসামি করে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
