বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ ও র্যাব বাদী হয়ে দায়ের করা ৬টি মামলায় এ পর্যন্ত নাসিক কাউন্সিলর ইকবাল হোসেনসহ বিএনপির ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীরা হলেন- নাসিক কাউন্সিলর ইকবাল হোসেন (৪২), মোঃ রাসেল (৩৫), আলমগীর (৪০), নুর উদ্দীন (৪২), আকবর হোসেন (৪৫), ফারুক হোসেন (৪০), মোঃ মামুন মিয়া (৩৯), বিল্লাল হোসেন (৪০) ও মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হরতালকে কেন্দ্র করে ওই দিন ভোর থেকেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেয় হেফাজতকর্মীরা। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ঐ সময় সংঘর্ষে ১৮টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের পরদিন গত ২৯ মার্চ রাতে নাশকতা, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ৫টি ও সন্ত্রাসবিরোধী আইনে র্যাব আরও ১টি মামলা দায়ের করে। মামলায় এজাহারভুক্ত ১৩৩ জন ও অজ্ঞাত প্রায় সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।

