ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখে লেনে মদনপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় ট্রাক ঢুকতে না দেওয়ায় রাস্তায় এ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জে মদনপুর এলাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে যানজট।
রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট যাত্রাবাড়ী থেকে মহাসড়কের ১৩ কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন ঢাকায় চলাচলকারী যাত্রীরা।
সরজমিনে দেখা গেছে, এ মহাসড়কের ঢাকামুখী লেনে যতদূর চোখ যায় গাড়ির সারি। মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে আছে।
পণ্যবাহী ট্রাক চালকদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকায় পুলিশ ট্রাক ঢুকতে না দেয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
সিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, ডিএমপি থেকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ঢাকায় কথা বলেছি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।

