বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অধ্যক্ষের খামখেয়ালীতে শিক্ষাজীবনের এক বছর নষ্ট হতে যাচ্ছে এক এইচএসসি পরীক্ষার্থীর। এ বছর পরীক্ষা দিতে না পারলে তিনি আত্মহত্যা করার হুমকি দিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কাছে চিঠিটি পাঠান সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী তানভীন ইসলাম।
চিঠিতে তিনি বলেন, আমি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র (রােল নং-২১১৬২)। আমি করোনার সময় দীর্ঘদিন অসুস্থ থাকায় অনলাইনে ক্লাস করতে পারিনি। তবে আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। কিন্তু ক্লাসে অনুপস্থিতির কারণে কলেজের অধ্যক্ষ আমাকে পরীক্ষা দিতে দেবেন না বলে জানিয়েছেন। আমার বাবা সবকিছু খুলে বলার পরও ফরম ফিলআপের সুযোগ না দিয়ে তাকে উল্টো অপমান করে তাড়িয়ে দিয়েছেন অধ্যক্ষ। এমনকি আমার এক বড় ভাইকেও একইভাবে অপমান করেছেন।
তিনি আরো জানান, বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত। বিনাকারণে অধ্যক্ষ স্যার এমনটা করছেন। এ বছর এইচএসসি পরীক্ষার সুযোগ না দেওয়া হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জানতে চাইলে গিয়াসউদ্দিন মডেল কলেজের অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান যে নির্দেশ দেবেন- আমি তাই পালন করবো।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, চিঠিটি এখনো আমার হাতে আসেনি। হাতে পেলে আমি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী তানভীন ইসলাম একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।

